চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চুরি হওয়া দুটি ল্যাপটপসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. আলম (৪৫) ও তার স্ত্রী কুলসুমা বেগম (৩৮), রানা আহম্মেদ (২৫) ও মো. রকিবুল হাসান (২০)। এরা সবাই নগরীর টাইগার পাস ও আমবাগান এলাকায় বাসিন্দা। রানা ওই এলাকার মো. ইমতিয়াজের ছেলে এবং রকিবুল একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার দুপুর থেকে রাতব্যাপী নগরীর টাইগার পাস ও আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্তের বাসা থেকে তার গৃহকর্মী একটি দামি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় ২৮ জুন কোতোয়ালী থানায় একটি মামলা হয়।
“এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে নগরীর টাইগার পাস এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গৃহকর্মী কুলসুমা বেগম ও তার স্বামী মো. আলমকে আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”
কুলসুমা ও আলমের দেওয়া তথ্য মতে একই এলাকা থেকে দুটি এসআর ল্যাপটসহ মো. রকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
পরিদর্শক সদীপ কুমার বলেন, কুলসুমা নগরীর বিভিন্ন বাসায় কাজ নিয়ে চুরি করে এবং বাকিরা তাকে সহায়তা করে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
“নগরীর বিভিন্ন এলাকার অনেক অভিজাত বাসায় চুরির সঙ্গে এই চক্র জড়িত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১৫২ ঘ.
bdnews24