২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে ফিরেছেন ৪৮ নারী

ভারতে কারাভোগ শেষে ৪৮ বাংলাদেশি নারী রোববার দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

বেনাপোল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে কারাভোগ শেষে ৪৮ বাংলাদেশি নারী রোববার দেশে ফিরেছেন। দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করে বলে জানান বেনাপোল চেকপোস্ট থানার ওসি কামরুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারত সরকারের দেওয়া আউটপাশের মাধ্যমে এই নারীরা দেশে ফিরেছেন। পশ্চিমবঙ্গ পুলিশ ও বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।” এসময় মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও তিনি জানান। ওসি কামরুজ্জামান আরো বলেন, চাকরির লোভ দেখিয়ে ২০০৫ সালে দালালরা তাদের ভারতে নিয়ে গিয়েছিল। পরে মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে জেল খাটেন। তাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, বরিশাল ও নড়াইল জেলায়। আনুষ্ঠানিকাতা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ কর্মকর্তা বলেন, ভারতের মুম্বাই কারাগারে বিভিন্ন মেয়োদে তারা সাজাভোগ করেন। পরে ‘মুম্বাই রেসকিউ ফাউন্ডেশন’র তত্ত্বাবধানে শেল্টার হোমে ছিলেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা ‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’ তাদের দেশে আসার ক্ষেত্রে সহযোগিতা করে বলে ওসি জানান। হস্তান্তর অনুষ্ঠানে ‘মুম্বাই রেসকিউ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ত্রিবেণী আচারিয়া, পরিচালক নিশা রায় ও কর্মকর্তা মঙ্গলা ভট্টাচার্য এবং ‘জাতীয় মহিলা আই্নজীবি সমিতি’র কর্মকর্তা আনোয়ারা বেগম, এ বি এম মুহিত হোসেন ও দীপ্তি বল উপস্থিত ছিলেন। ফিরে আসা খুলনার সাথী ও সাতক্ষীরার রাশিদা বেনাপোল চেকপোস্টে সাংবাদিকদেরকে বলেন, ২০০৫ সালে ভালো চাকরির আশায় জনপ্রতি ১০ হাজার টাকা করে দিয়ে দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে যান। পরে তারা মুম্বাই পুলিশের হাতে ধরা পড়েন। তারা জানান, মুম্বাই কারাগারে তারা ৬/৭ বছর করে সাজা ভোগ করেছেন তারা। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/প্রপ্রিতিনিধি/সিএস/ডিডি/১৯১৬ ঘ.