নোয়াখালী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জে এক পোনা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলার উত্তর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বজলের (৩০) বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বেলঘর গ্রামে।
এ ঘটনায় এলাকাবাসী একজনকে ধরে পুলিশে দিয়েছে বলে জানায় পুলিশ।
বেগমগঞ্জ থানার ওসি আমিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর হাজিপুর গ্রামের ফজলুল হকের ছেলে ইব্রাহিম (২৭) দুপুরে জমি থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। পথে পোনা মাছ বিক্রেতা বজলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ইব্রাহিম হাতে থাকা কোদাল দিয়ে বজলের মাথায় কোপ দেন। শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বজলকে মৃত ঘোষণা করে। পরে স্থানীয়রা ইব্রাহিমকে পুলিশে দেয়।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৭ ঘ.
bdnews24