২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি

সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি ও সাগর সরওয়ার হত্যারহস্য উদঘাটনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি ও সাগর সরওয়ার হত্যারহস্য উদঘাটনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি থেকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “এটিএন বাংলার মালিক মাহফুজুর রহমান নিজেই বলেছেন, তার কাছে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে ভিডিও ফুটেজ আছে। তাই সরকারের কাছে দাবি থাকবে, আর সময়ক্ষেপণ না করে রোববারের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা নিন।” যশোরে সাংবাদিক জামাল উদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে সাংবাদিকদের চারটি সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করেন। আগামী রোববার প্রেসক্লাবের সামনে আবারো মানববন্ধন করার ঘোষণা দেন ইকবাল সোবহান চৌধুরী। মাহফুজুর রহমান গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি এবং তার স্বামী মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ‘পরকীয়ার বলি’। পাশাপাশি রুনির ব্যক্তিগত জীবন নিয়েও তিনি মন্তব্য করেন, যা ‘করুচিকর’ আখ্যায়িত করে সাংবাদিক সংগঠনগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সাংবাদিকদের সমালোচনার মুখে পরে একটি বিবৃতি পাঠিয়ে মাহফুজুর বলেন, ওই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত না হওয়ার ‘মনোবেদনা’ থেকে তিনি ‘সরল বিশ্বাসে’ কিছু কথা বলেছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা না হলে বুঝব সরকারের কোনো অংশ এতে জড়িত আছে।” দেশে ফেরার সঙ্গে সঙ্গে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ না করা হলে তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক বাকের হোসাইন। তিনি বলেন, “মাহফুজুর রহমান অপরাধের ভয়ে দেশে না এসে বরং বলে বেড়াচ্ছেন যে আমরা নাকি তাকে দেশে আসতে বাধা দিচ্ছি।” মানববন্ধন কর্মসূচিতে এটিএন বাংলা ও মাছরাঙার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সমালোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুস শহীদ, অপর অংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বক্তব্য রাখেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সবকটি অংশ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা অংশ নেন মানববন্ধনে। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন সাগর ও রুনি। এরপর প্রায় চার মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসএম/আরএ/১৬৩৫ ঘ.