যশোর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মনিরামপুরে জোয়ারাধার (টিআরএম) বিরোধীদের তিনজন সোমবার দুপুরে ‘প্রতীকী’ বিষপান করেছেন।
এতে কারো মৃত্যু হয়নি। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে বালিধা গ্রামের জিয়াউল হক, আমির আলী সরদার ও মোকসেদ সরদার বিষপান করেন। এদের মধ্যে জিয়াউল এমএম কলেজের ইতিহাস বিভাগের ছাত্র।
এ ব্যাপারে টিআরএম বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে সন্ধ্যায় বালিধা দাখিল মাদ্রাসা পৌঁছেছেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
টিআরএম বিরোধীরা গত এক সপ্তাহ ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছে।
দাবিগুলো হচ্ছে- ভবদহ এলাকার কৃষকদের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা প্রত্যাহার, ওই মামলায় আটক সব আসামিকে মুক্তি দান এবং টিআরএম বাতিল করে ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা।
রোববার আন্দোলকারীরা এক অনশন কর্মসূচি পালনকালে দাবি পুরণে সোমবার দুপুর ১২টায় বিষপানে গণ-আত্মাহুতি কর্মসূচির ঘোষণা দেয়।
এর আগে, গত ২ জুন ভবদহের বিল কপালিয়ায় টিআরএম প্রকল্পের সীমানা নির্ধারণ করতে এসে এলাকাবাসীর হামলার শিকার হন জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব, অভয়নগর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেকসহ অন্তত ৫০ জন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে বিভিন্ন গ্রামের কয়েক হাজার নারী পুরুষ বালিধার বিলে বিষের বোতল নিয়ে জড়ো হয়। এ সময় তার এক সমাবেশ করে। এ সময় তারা বিষপানের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মণিরামপুরের সাংবাদিক মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে থেকেই সেখানে স্থানীয় ডাক্তার উপস্থিত ছিলেন।”
বিষপান করার সঙ্গে সঙ্গে চিকিৎসক আব্দুল আজিজ বিশ্বাস তাদের চিকিৎসা সেবা দেন।
স্থানীয় সাংবাদিক ডি এইচ দিলশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল আজিজ বিশ্বাস বিষ পানের কথা নিশ্চিত করেছেন। তারা এখন শঙ্কামুক্ত।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি তাদের ‘প্রতীকী’ বিষপান। কারণ তারা চিকিৎসক সঙ্গে নিয়েই বিষপান করেছেন।
এদিকে, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে গণ-আত্মাহুতি দেওয়ার কর্মসূচির সময়সীমা সোমবার সন্ধ্যা পর্যন্ত পিছিয়েছে আন্দোলনকারীরা।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
গত ২ জুন জোয়ারাধার বিরোধীরা মনিরামপুরে জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাবের উপর হামলা চারায়। এ সময় পুলিশের একটি গাড়িসহ ১১টি গাড়ি অগ্নিসংযোগ ও ভাংচুর হয়। এ ঘটনায় চারটি মামলা হয়। এরমধ্যে অভয়নগর থানায় করা একটি মামলার ছয় আসামিকে ১৪ জুন ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এই ছয়জন হলেন শার্শার বালিধা গ্রামের নাজমুল, ওমার আলী গাজী, হাফিজুর রহমান, শওকাত সরদার, মোহাম্মদ আলী এবং পাটাখালী গ্রামের আব্দুর রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24