২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের হাসপাতালে আরেক রোহিঙ্গার মৃত্যু

অবৈধভাবে অনুপ্রবেশের পর আটক এক রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে অনুপ্রবেশের পর আটক এক রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে মারা যান আবু তৈয়ব (২০)। তিনি মিয়ানমারের মংডু এলাকার মোহাম্মদ জমিরের ছেলে। এ নিয়ে গত পাঁচ দিনে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন রোহিঙ্গার মৃত্যু হলো। এর আগে গত ১২ জুন কালা হোসেন (৫০) নামের আরেক ব্যাক্তি চট্টগ্রাম মেডিকেলে মারা যান। এছাড়া আরো দুজন রোহিঙ্গা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির কনস্টেবল এ কে এম রেদোয়ানুল জান্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার জেলা পুলিশ গত ১০ জুন তৈয়বকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তার মাথা, বুকসহ শরীরের কয়েকটি স্থানে গুলির চিহ্ন ছিল বলে জানান তিনি। মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এরপর সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা গত কয়েকদিনে প্রায় দেড়শ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠালেও গুরুতর আহত কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/জেকে/১৪০২