২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদ

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে একটি ইসলামি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে একটি ইসলামি সংগঠন। শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা মসজিদের পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। এ সময় ওই এলাকার আশপাশসহ সিরাজউদদৌল্লাহ রোড, মোমিন রোড ও লালদিঘীর সড়কে প্রায় দুঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। মসজিদের উত্তর গেটে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল মালেক হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তরা বলেন, রাখাইনরা নাসাকা বাহিনীর চোখের সামনে মুসলমানদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। মসজিদ-মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে। মা-বোনদের ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মেরেছে। মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এরপর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে। গত তিন দিনে ১৩৯ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন বিজিবি সদস্যরা। জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত আহ্বান সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় না দেওয়ার ঘোষণার সমালোচনা করেন তারা। জাতিসংঘ ও ওআইসি’র মাধ্যমে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করে সেদেশের নাগরিকদের ফিরিয়ে নিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহমতগঞ্জ মোড়ে এসে শেষ হয়। এসময় সংগঠনের সেক্রেটারি জেনারেল হাফেজ জুনায়েদ বাবুনগরী, নগর সভাপতি আবদুর রহমান চৌধুরী ও কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মঈনুদ্দীন রুহী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১৪৮ ঘ.