টেকনাফ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফের শাহ পরীর দ্বীপ দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ২৫ নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি।
মিয়ানমারে সহিংসতার কারণে রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসে রোহিঙ্গারা টেকনাফের কোথাও অবস্থান নিয়েছে কি না- তা অনুসন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশিও চালানো হচ্ছে।
বিজিবি ৪২ ব্যাটালিয়ানের অপারেশন অফিসার ক্যাপ্টেন কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রচ- বৃষ্টির মধ্যে শাহ পরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ২৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে।
বিজিবি সদস্যরা তাদের আটক করে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ‘পুশব্যাক’ করে।
ক্যাপ্টেন কামরুল জানান, রোহিঙ্গারা যাতে টেকনাফের কোথাও ‘আত্মীয়’ পরিচয়ে অবস্থান করতে না পারে সে জন্য বুধবার রাতে মিস্ত্রীপাড়া ও জেলেপাড়ার বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।
গত মঙ্গলবার রাত ও বুধবার সকালে টেকনাফের শাহ পরীর দ্বীপ, বদর মোকাম ও সেন্টমার্টিন এলাকা থেকে ১১৪ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি।
মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এর পর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের পর তাদের নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।
বিজিবি স্থল সীমান্তে পাহারা জোরদারের পাশাপাশি নাফ নদীতেও স্পিডবোট নিয়ে টহল দিচ্ছে।
তবে স্থানীয়দের ধারণা, বিজিবি যাদের ফেরত পাঠাচ্ছে তারা ওপারে যাচ্ছে না। সাগরে ভাসমান অবস্থায় সময়ক্ষেপণ করছে সুযোগের অপেক্ষায়।
প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মধ্যে এখনও প্রায় ২৫ হাজার নাগরিক টেকনাফের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়।
বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে বলেও তথ্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১০৪০ ঘ.
bdnews24