২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের আশ্রয় দিতে এইচআরডব্লিউর আহ্বান

জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার পর যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও মিয়ানমারের রাখাইন প্রদেশে দাঙ্গার কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

নিউ ইয়র্ক, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে রাখাইন প্রদেশে সহিংসতার পরিপ্রেক্ষিতে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাংলাদেশ সরকারের উচিত আশ্রয় নিতে আসা মানুষদের জন্য সীমান্ত খুলে দেওয়া। বাংলাদেশ রোহিঙ্গা শরনার্থীদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকানোর সিদ্ধান্ত নেওয়ায় পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংস্থাটির কাছ থেকে এই আহ্বান এল। এর আগে দাঙ্গাপীড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিতে সরকারকে আহ্বান জানায় জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়ে দেন, সহিংসতার পরিপ্রেক্ষিতে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, “আমাদের স্বার্থ নয় যে, মিয়ানমার থেকে নতুন করে শরনার্থী আসুক।” রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তজুড়ে বিজিবি ও নৌবাহিনীর টহল কঠোর করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ১১টি নৌকায় করে পালিয়ে আসা প্রায় পাঁচশ’ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি ও নৌবাহিনী। হিউম্যান রাইটস ওয়াচের স্মরণার্থী বিষয়ক পরিচালক বিল ফ্রেলিক বলেন, “আরাকানে সহিংসতা চলার সময় সীমান্ত বন্ধ করে দিয়ে অনেক জীবনকে বিপন্ন অবস্থায় রেখেছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবন বিপন্ন হয়ে যাওয়া মানুষকে অনুপ্রবেশ করতে দেওয়া ও আশ্রয় দেওয়ার জন্য সীমান্ত খোলা রাখার বাধ্যবাধকতা রয়েছে।” হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ১৯৫১ সালের স্মরণার্থী কনভেনশন ও ১৯৬৭ সালে গৃহীত প্রটোকলে সই না করলেও প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবন বিপন্ন হয়ে আশ্রয়ের সন্ধানে আসা মানুষদের ফিরিয়ে দিতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশ সীমান্তে বাধাহীনভাবে কাজ করতে অনুমতি দেওয়ার জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। বিবৃতিতে বলা হয়, অন্যান্য দেশও রোহিঙ্গা স্মরণার্থীদের জন্য মানবিক সহায়তা পাঠাবে ও জরুরি ত্রাণ সরবরাহ করবে। এছাড়া বাংলাদেশে আগে থেকেই বসবাসরত নিবন্ধিত ২৯ হাজার এবং অনিবন্ধিত দুই লাখ রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি নতুন করে আসা রোহিঙ্গাদের ব্যাপারে একটি সময়োপযোগী সমাধান খুঁজে বের করতে তারা কাজ করবে। রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এ সহিংসতার জের ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করার সময় রোহিঙ্গাদের ফিরিয়ে দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মধ্যে এখনো প্রায় ২৫ হাজার নাগরিক টেকনাফের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়। বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও তথ্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এসইউ/১২৪২ ঘ.