২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর মিছিল করে জনতার মিষ্টিমুখ

পুলিশের তালিকায় সন্ত্রাসী হিসেবে নাম থাকা এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর উল্লাস মিছিল করে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে বগুড়া শহরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

বগুড়া, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের তালিকায় সন্ত্রাসী হিসেবে নাম থাকা এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর উল্লাস মিছিল করে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে বগুড়া শহরে। মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ি দক্ষিণ পাড়ার শ্মশানঘাটে গণপিটুনিতে নিহত এই ব্যক্তির নাম শরিফুল ইসলাম সোহেল (৩৫)। তিনি দক্ষিণ পাড়ার আফতাব আহমেদের ছেলে। মহল্লার বাসিন্দারা বলছেন, সোহেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকালে তারা জোট বেঁধে ধাওয়া করে ধরে তাকে পিটিয়ে মেরে ফেলেন। বগুড়া সদর থানার ওসি মাহমুদুল আলম সাংবাদিকদের জানান, সোহেল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি বলেন, সকাল ১১টার দিকে গণপিটুনির খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকাবাসীর হাত থেকে সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, সোহেল মারা গেছেন। মহল্লাবাসী জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল ও মামুন ফুলবাড়ি এলাকার শ্মশান ঘাটে আস্তানা গেঁড়ে দলবল নিয়ে চাঁদাবাজি-ছিনতাই চালিয়ে আসছিল। তাদের চাঁদা না দিয়ে ওই এলাকায় কিছু করা যেত না। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে মঙ্গলবার পাল্টা হামলা চালায়। ফুলবাড়ি দক্ষিণ পাড়ার পাশাপাশি আশপাশের মহল্লা দক্ষিণ ফকির পাড়া, বানাপাড়া, হাজিপাড়া, সরকারপাড়া ও মধ্যপাড়ার কয়েক হাজার মানুষ সকালে দক্ষিণ পাড়ার আমতলা এলাকায় সোহেল ও মামুনকে ধাওয়া করে। দক্ষিণ পাড়ার বাসিন্দা রিক্তা বেগম সাংবাদিকদের বলেন, “গিট্টু মামুন ও সোহেল অস্ত্র নিয়ে আমতলায় ঢুকেছে- এই খবর পেয়ে সবাই একজোট হয়ে তাদের ধাওয়া করে। মামুনসহ অন্যরা করতোয়া নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে পালিয়ে গেলেও সোহেলকে ধরা পড়ে।” সোহেলকে ধরার পর তার আস্তানা শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গণপিটুনি দেওয়া হয় বলে জানান ওই এলাকার দোকানি মোহাম্মদ হারুন। সোহেলকে পুলিশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মিনি খাতুন বলেন, “সোহেল-মামুনের সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ এতদিন প্রতিবাদ করার সাহস পায়নি। চাঁদাবাজি, দখল, ছিনতাই ছিল তাদের প্রতিদিনের ঘটনা।” “কোনো বাড়ি করতে হলে তাদের চাঁদা না দিলে ধরে নিয়ে তা আদায় করত। পুলিশেরও ধরা-ছোঁয়ার বাইরে ছিল এরা। তাই এলাকাবাসী বাধ্য হয়ে এদের প্রতিহত করার জন্য জোট বাঁধে,” বলেন তিনি। সোহেল মারা যাওয়ার পর ওই এলাকায় গিয়ে উল্লাস মিছিল দেখা যায়। সেখানে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। মহল্লাবাসী অনেকে বলেন, সন্ত্রাসী সোহেল মারা যাওয়ায় তারা স্বস্তি বোধ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.