২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

নারায়ণগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে আধুরিয়া এলাকায় এই দুর্ঘটনায় নিহত হন বাসযাত্রী শীতেষ শীল (৪৫)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামের জিতেন্দ্র শীলের ছেলে। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী রড বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে শীতেষ শীল (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। হতাহতরা সবাই বাসযাত্রী বলে জানান তিনি। আহতদের মধ্যে রয়েছেন রানু মোহন চন্দ্র, অভিলাশ চন্দ্র, মোহন চন্দ্র, আব্দুল আলীম, মিজানুর রহমান, সোহরাব হোসেন, ইকরামুল হোসেন, জহুরা খাতুন, আজিজুল হক, মিলন মিয়া ও পনির হোসেন। বাকিদের নাম জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আহত রানু মোহন চন্দ্র সাংবাদিকদের বলেন, বাস ও ট্রাক চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। নিহত শীতেষ শীল তার আত্মীয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৭ ঘ.