২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে ধীরগতি: অপেক্ষা আরো এক মাস

সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় বাংলাদেশে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে পেতে আগামী মধ্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিকেদক ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় বাংলাদেশে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে পেতে আগামী মধ্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ডেপুটি ডিজিএম মো. শাখাওয়াত হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ০৬ জুন সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল কাটা পড়ার পর এখনো তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। তিনি জানান, বাংলাদেশ ইন্টারনেটের জন্য ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোর (সি-মি-উই-ফোর) এর ওপর নির্ভরশীল। এই জোটের অন্য সদস্য দেশগুলোর প্রত্যেকেরই বিকল্প ব্যবস্থা থাকায় সিঙ্গাপুরে ক্যাবল কাটার ঘটনায় তাদের খুব বেশি সদস্যা হচ্ছে না। কিন্তু বাংলাদেশ শুধু এই একটিমাত্র সাবমেরিন ক্যাবলের ওপর নির্ভরশীল বলে সমস্যা পোহাতে হচ্ছে বাংলাদেশের ব্যবহারকারীদের। শাখাওয়াত বলেন, “কনসোর্টিয়ামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, লাইন পুরো ঠিক হতে আরো অন্তত এক মাস, অর্থাৎ আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।” সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল কাটা পড়ার পর বিএসসিসিএল কর্তৃপক্ষ জানিয়েছিল, স্বাভাবিক গতি ফিরতে তিন থেকে চার দিন লাগতে পারে। গত ৬ জুন দুপুরে সিঙ্গাপুর থেকে ৫৬ কিলোমিটার দূরে মালয়শিয়ার দিকে কাটা পড়ে এই সাবমেরিন ক্যাবল। বাংলাদেশ যে ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার করে তার বেশিরভাগটাই সিঙ্গাপুর থেকে কেনা হয় বলে তখন থেকে দেশে ইন্টারনেটের গতি ধীর হয়ে গেছে বলে বিএসসিসিএল কর্মকর্তারা জানান। তারা জানান, সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবলের ‘ইস্ট সেগমেন্টটি’ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে ‘ওয়েস্ট সেগমেন্ট’ (ইতালি) দিয়ে ব্যান্ডউইথড পাবেন বাংলাদেশ। সাবমেরিন ক্যাবলের বিকল্প ব্যবস্থা করতে গত জানুয়ারি মাসে বাংলাদেশে ছয়টি প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) লাইসেন্স দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির লাইসেন্স নীতিমালা অনুযায়ী, জুলাই মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানকে কাজ শুরু করতে হবে। আইটিসি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করার পর সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হলেও তেমন সমস্যা হবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৯২০ ঘ.