২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিমলের বিরুদ্ধে ‘ধর্ষিত’ ছাত্রীর বাবার সাক্ষ্য

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার পরিমল জয়ধরের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন ধর্ষিত ছাত্রীর বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা. জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার পরিমল জয়ধরের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন ধর্ষিত ছাত্রীর বাবা। বুধবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আরিফুর রহমান তার সাক্ষ্য নেন। ওই ছাত্রীর বাবাই এ মামলার বাদি। জবানবন্দি শেষে বাদিকে জেরা করেন পরিমলের আইনজীবী মাহফুজুর রহমান। জেরা শেষে আগামী ২৫ জুন মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন বিচারক। বাদি আদালতে বলেন, তার মেয়েকে আসামি পরিমল তার কোচিং সেন্টারে দুইবার ধর্ষণ করে। বিষয়টি প্রথমে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে মামলা করা হয়। গত ১৫ মার্চ পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এই বিচারক। এই শিক্ষক গত বছর গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন। গত বছরের মাঝামাঝিতে ভিকারুননিসায় ছাত্রী ধর্ষণের এই ঘটনা প্রকাশ পেলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। গত বছরের ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা এবং স্কুলটির বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করে মামলা করেন। তার অভিযোগ, পরিমলকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন হোসনে আরা ও লুৎফর রহমান। মামলার দুদিন পরই গ্রেপ্তার করা হয় পরিমলকে। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে অধ্যক্ষ হোসনে আরাকে অপসারণ করা হয়। তবে পুলিশ তদন্ত শেষে গত বছরের ১৪ অগাস্ট শুধু পরিমলের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয়। গতবছরের ১১ জুলাই পরিমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ১৭ জুলাই জবানবন্দি দেন নির্যাতনের শিকার বসুন্ধরা শাখার দশম শ্রেণীর ওই ছাত্রী। পরিমলকে গত বছরের ৭ জুলাই কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার বাসিন্দা পরিমল ২০১০ সালের ২ সেপ্টেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় বাংলা বিভাগের শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এমআই/০০০৯ ঘ.