২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে খনিজ অনুসন্ধান করবে বিদেশি কোম্পানি

গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ আন্তর্জাতিক কোম্পানিগুলো পাবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ আন্তর্জাতিক কোম্পানিগুলো পাবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, “গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হওয়ায় আপাতত আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর মাধ্যমে পিএসসির (উৎপাদন-বণ্টন চুক্তি) আওতায় তেল ও গ্যাস অনুসন্ধান করা হবে।” তবে প্রতিটি অফশোর ব্লকে বাপেক্সের (রাষ্ট্রায়াত্ত কোম্পানি) জন্য ১০ শতাংশ ‘ক্যারিড ইন্টারেস্ট’র বিধান রাখা হয়েছে বলে জানান তিনি। এর অর্থ হচ্ছে, অফশোরে আন্তর্জাতিক কোনো কোম্পানি কোনো ক্ষেত্রে খনিজ পাওয়ার পর তা উত্তোলন শুরু করলে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে বাপেক্স বিনিয়োগ করতে পারে। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা বুলবুলের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা সাগরে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অনুসন্ধানের কথা বলেন। নাগরিক সংগঠন তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সাগরে গ্যাস অনুসন্ধানে বর্তমান উৎপাদন-বণ্টন চুক্তির আওতায় বহুজাতিক কোম্পানিগুলোকে কাজ দেওয়ার বিরোধিতা করে আসছে। বাপেক্সকে শক্তিশালী করার দাবিও রয়েছে তাদের। বাপেক্সকে আরো শক্তিশালী করার পরিকল্পনা সরকারের রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে দেশের এই সংস্থা সাগরে তেল ও গ্যাস অনুসন্ধান করতে পারবে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ অবসানের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রসীমা চিহ্নিত করবে। সরকার সে অনুযায়ী ব্লক ম্যাপ তৈরি করবে। সমুদ্রের সম্পদ আহরণের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিত করার ওপর জোর দেন তিনি। সমুদ্র সম্পদ আহরণে দেশে পর্যাপ্ত দক্ষ জনবল না থাকার বিষয়টি স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, “দক্ষ জনবল তৈরিতে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষাদানের উদ্যোগ নিয়েছি। বঙ্গোপসাগরের মাছ ও জৈব সম্পদ অহরণের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষায়িত জাহাজ কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে।” মিয়ানমারের সঙ্গে ‘সমুদ্রজয়’ উপলক্ষে এক দিন সরকারি ছুটি ঘোষণা করা হবে কি না- সুলতানা বুলবুলের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “ছুটি না। কাজ চাই, আরো বেশি কাজ চাই। কর্মঘণ্টা বাড়িয়ে আমরা দেশের উন্নয়নে কাজ করব।” নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এক প্রশ্নে বলেন, কৃষকরা ধানের উৎপাদন খরচ পাচ্ছে না। এজন্য সরকার দ্রুত কোনো ব্যবস্থা নেবে কি না? শেখ হাসিনা বলেন, “অত বেশি লোকসান কৃষকদের হয়নি, হলেও আমরা ভর্তুকি দেব। আওয়ামী লীগ কৃষকবান্ধব সরকার। কৃষকদের অসুবিধা হলে আমরা তা দেখব।” “কৃষকরা ততটা উৎপাদন মূল্য পাচ্ছে না, তা ঠিক নয়। এখন দাম বাড়ালে, তা প্রান্তিক কৃষকরা পাবে না। পাবে মিল মালিকরা,” বলেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৫০ ঘ.