লালমনিরহাট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টার টানা ধর্মঘটের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি ৮ জেলায় ১০ দফা কর্মসূচিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
বুড়িমারী স্থল বন্দরের সহকারী কমিশনার আরেফিন জাহেদী জানান, মঙ্গল ও বুধবার দুপুর পর্যন্ত ভারতীয় ৩১টি ট্রাক বাংলাদেশে এলেও ভারতে প্রবেশ করেছে মাত্র ১৩টি বাংলাদেশি ট্রাক। এসময়ে ৫৯ জন যাত্রী বাংলাদেশে এসেছে আর ৭০ জন ভারতে গিয়েছে।
টানা ধর্মঘটের কারণে আমদানি-রপ্তানি কমে গেছে বলে জানান জাহেদী।
বুড়িমারী স্থল বন্দর ইমিগ্রেশনের উপ-সহকারী আবুল কালাম আজাদ জানান, যেসব পাসপোর্টধারী বাংলাদেশে প্রবেশ করেছে ধর্মঘটের কারণে যানবাহন না থাকায় তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০৫৩ ঘ.
bdnews24