২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজে হামলা: আদালতে সৌরভের স্বীকারোক্তি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি জাহেদুল ইসলাম সৌরভ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি জাহেদুল ইসলাম সৌরভ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর খাস কামরায় হামলার সঙ্গে নিজের ও অন্যান্য আসামিদের জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সৌরভ। জবানবন্দি শেষে সৌরভসহ প্রথম দফায় গ্রেপ্তার হওয়া এ মামলার অপর দুই আসামি ইলিয়াস মাস্টার সুমন ও মীর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে চার দিনের রিমান্ড শেষে দুপুরে সৌরভকে আদালতে হাজির করা হয়। সৌরভের ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধক পুলিশের উপপরিদর্শক ফরিদ মিয়া। মহানগর পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমানও সৌরভের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দ্বিতীয় দফায় গ্রেপ্তার হওয়া ইমরান মোল্লা ও ইয়াকুব আলীকে রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই ইমদাদুল ইসলাম। গত ২৮ মে রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে এই অনলাইন সংবাদপত্রের সংবাদ কর্মীদের ওপর হামলা চালানো হয়। ওই সময় সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত সহ সম্পাদক নেওয়াজ মোহাম্মদ রিফাত ও প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম ইউনাইটেড হাসপাতালে চিকিসাধীন। একই হাসপাতালে ভর্তি আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস সহকারী রুহুল আমিনও। ঘটনার পরদিন মহাখালী এলাকা থেকে জাহেদুল ইসলাম সৌরভ, সুমন ও মীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে ইমরান ও ইয়াকুবকে সাভার থেকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/২১৩২ ঘ.