ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিং ভোটিং মেশিন ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংসদে জানানো হয়েছে।
সোমবার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, “নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকার নির্বাচনে কিছু ইভিএম ব্যবহার করেছে। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণেল বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
আগামী জাতীয় নির্বাচনে সরকার ইভিএম ব্যবহারের পক্ষপাতি হলেও এতে বিরোধী দলের আপত্তি রয়েছে।
নির্বাচনের কাজ শুধু নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে করার পরিকল্পনা রয়েছে কি না- জানতে চাওয়া হলে আবুল কালাম আজাদ সংসদকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে যে বিপুল সংখ্যক কর্মকর্তার প্রয়োজন হয়, তাতে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা দিয়ে নির্বাচন সম্পন্ন করা বাস্তবে সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৩০ ঘ.
bdnews24