কুমিল্লা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রামে এক মুরগি খামারের মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বেতিয়ারায় এ ঘটনা ঘটে।
নিহত মহিন উদ্দিন (২৮) দক্ষিণ বেতিয়ারা গ্রামের আবদুস সামাদের ছেলে। আগে মাদক ব্যবসায় জড়িত থাকলেও এক বছর ধরে তিনি মুরগি ব্যবসা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ বেতিয়ারা গ্রামে মহিন খামারের পাশের একটি কক্ষে থাকতেন মহিন।
রাত দেড়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা মহিনকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।
এ সময় বাধা দিতে গিয়ে আহত হন মুরগি খামারের কর্মচারী ফেনীর হেলাল মিয়া ও দক্ষিণ বেতিয়ারার হেলু মিয়ার ছেলে মকবুল মিয়া। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার ভোর সাড়ে ৪টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বছর খানেক আগে মহিন মাদক ব্যবসা ছেড়ে মুরগি খামার করেন। পূর্ব শক্রতার জের ধরে মাদক ব্যবসায় জড়িতরাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় নিহতের ভাই ইলিয়াস আহমেদ একটি হত্যা মামলা করেছেন।
মামলায় আসামিরা হলেন- দক্ষিণ বেতিয়ারা গ্রামের জাফর আহমেদের ছেলে সজিব, সাহাবুদ্দিন মজুমদারের ছেলে ইউসুফ মজুমদার ও লিটন মজুমদার, ফকু মিয়ার ছেলে মোস্তফা মিয়া এবং উত্তর বেতিয়ারার অলিউর রহমানের ছেলে মোহন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬১০ ঘ.
bdnews24