চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জিইসি মোড় থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে জিইসি মোড়ের হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. জমির উদ্দিন (৩৫) নামে ওই ব্যক্তি লোহাগাড়া উপজেলার পদুয়া মৌলভী পাড়া গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই হোটেল থেকে জমিরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
জমিরের বিরুদ্ধে খুলশী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএল/২১৪৮ ঘ.
bdnews24