ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নির্যাতনের একাধিক ঘটনায় অভিযোগের মুখে থাকা পুলিশের মাঠ পর্যায এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।
রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই বৈঠক চলে।
বৈঠকে উপস্থিত অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদা থেকে শুরু করে ঊর্ধ্বত পর্যায়ের তিন শতাধিক কর্মকর্তা বৈঠকে ছিলেন।
সভায় পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের অভিযোগের বিষয়ে নিজেদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরেন। কেউ কেউ করণীয় সম্পর্কেও পরামর্শ দেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া কয়েকজন।
মাসুদুর রহমান জানান, সভায় পুলিশ কর্তৃক দেশ টেলিভিশনের গিয়াস উদ্দিন, আগারগাঁওয়ে প্রথম আলোর তিন সাংবাদিক, আদালত প্রাঙ্গণে তিন সাংবাদিক প্রহৃত হওয়ার ঘটনা ছাড়াও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সন্ত্রাসীদের হামলা নিয়ে আলোচনা হয়।
“এসব ঘটনাগুলোকে অনভিপ্রেত, অনাকাক্সিক্ষত বলে সবাই বলেছেন,” বলেন তিনি।
এসব ঘটনার পেছনের কারণ কী, কেন হচ্ছে, এর প্রতিকার কীভাবে করা যায়, ঘটনার পর পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, সে নিয়ে বিভিন্ন ধরনের মতামত এসেছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
মাসুদুর রহমান বলেন, “সাংবাদিক এবং পুলিশ একে অপরের পরিপূরক। এদের মধ্যে কোনোভাবেই যেন ভুল বোঝাবুঝি না হয়, সে বিষয়ে সবাই মতামত দেন।”
“পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি কোনোভাবেই সাংবাদিকদের সঙ্গে বিরোধে না জড়াতে বলেছেন কমিশনার,” বলেন এক পুলিশ কর্মকর্তা।
মাসুদুর রহমান বলেন, পুলিশ কমিশনার সবাইকে সহনশীল, সতর্কতা, পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৩৫ ঘ.
bdnews24