বাগেরহাট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছে। নিহতরা বনদস্যু বলে দাবি করেছে র্যাব।
নিহতরা হলেন- ফখরুল শেখ (২৫), নবকুমার হালদার (৩৫) ও মিহির রায় (২২)।
ফখরুল বাগেরহাটের মংলা উপজেলার সিন্দুরতলা গ্রামের কালাম শেখের ছেলে। নবকুমার খুলনার দাকোপ উপজেলার ঢাংমারি গ্রামের পিপুল হালদারের ছেলে এবং মিহির একই গ্রামের পশুপতি রায়ের ছেলে।
বুধবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শাপলা টহল ফাঁড়ির অন্তর্গত শাপলা খাল এলাকায় বন্দুকযুদ্ধে তারা নিহত হন বলে জানান সেখানে অভিযানে থাকা র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী।
তিনি সাংবাদিকদের বলেন, নিহতরা বনদস্যু ‘আকাশ বাহিনীর’ সদস্য। ঘটনাস্থল থেকে নয়টি আগ্নেয়াস্ত্রসহ ৯৪ রাউন্ড গুলি ও একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।
মেজর ওসমানী বলেন, “শাপলা খাল সংলগ্ন বনে আকাশ বাহিনীর সদস্যরা গোলপাতা ও কাঠ দিয়ে অস্থায়ী আস্তানা তৈরি করে অবস্থান করছিল। সকাল ১০টায় র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছোড়া শুরু করলে র্যাবও পাল্টা গুলি চালায়। ২৫ মিনিটের গোলাগুলির পর দস্যুরা পিছু হটে।”
“এরপর ক্যাম্প এবং আশপাশের বনে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ তিন দস্যুর লাশ পাওয়া যায়,” বলেন তিনি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, দাকোপের মৃত্যুঞ্জয়ের নেতৃত্বে ‘আকাশ বাহিনী’ নামে এই দস্যুদল সাত-আট বছর ধরে সুন্দরবনে জেলে-বাওয়ালীদের নৌকায় লুটতরাজ, অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছে। এই দলের অন্তত ৪০ জন সশস্ত্র সদস্য রয়েছে।
কিছুদিন আগে এই বাহিনীর অন্যতম শীর্ষনেতা তাপস মণ্ডলকে (৩৫) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, র্যাব-৮ এর একটি দল শাপলা ক্যাম্প এলাকায় অভিযান চালাচ্ছে। তাদের সহযোগিতার জন্য শরণখোলা থানা থেকে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৭১৫ ঘ.
bdnews24