নারায়ণগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিবেশের ক্ষতি করার অভিযোগে মঙ্গলবার দু’টি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মেসার্স বন্ধন ব্রিক ফিল্ড থেকে ১০ লাখ এবং মেসার্স জামান ব্রিক ফিল্ড থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরো বলা হয়, বন্ধন ব্রিক ফিল্ডকে সাত দিনের মধ্যে অপসারণ এবং জামান ব্রিক ফিল্ডের জমির আয়তন এক মাসের মধ্যে দুই একরে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ দুটি ইটভাটা কৃষি জমিতে তৈরি করা হয়েছে এবং আশপাশে জনবসতি রয়েছে। এতে কৃষি উৎপাদন হ্রাস, কৃষি জমি বিনষ্ট এবং জনস্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৮ ঘ.
bdnews24