ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে আসক জানায়, সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশই বাড়ছে, যা একটি গণতান্ত্রিক দেশের জন্য শুভ নয় এবং দেশে মানবাধিকার সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে একটি বড় বাধা।
আসক মনে করে, এসব ঘটনার তদন্তকাজের দীর্ঘসূত্রিতা এবং প্রকৃত অপরাধীকে চিহ্নিত না করার কারণে এসব ঘটনার ব্যাপকতা বাড়ছে। এ বিষয়ে সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার মাধ্যমেই এ ধরণের হামলার ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
প্রশাসন দ্রুত সুষ্ঠু তদন্ত করে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সংবাদপত্রের স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র।
সোমবার রাতে মহাখালীর আমতলীতে কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। হামলায় আহত হন অফিস সহকারী রুহুল আমিনসহ আরো কয়েকজন সংবাদকর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সারাদেশে মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮০৫ ঘ.
bdnews24