২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বন বিভাগের জমি দখল

অনুমতি ছাড়া সোমবার সিলেট নগরীতে বনবিভাগের ৭০ শতক জমি দখল করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

সিলেট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া সোমবার সিলেট নগরীতে বনবিভাগের ৭০ শতক জমি দখল করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এবং স্থানীয় বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় জানায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিলেটের প্রকৌশলীর দপ্তর থেকে স¤প্রতি বনবিভাগকে একটি পত্র দিয়ে জানায়- কাজিরবাজার এলাকায় সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ করতে স্থানীয় মৎস্য আড়তসহ মাছের বাজার স্থানান্তর প্রয়োজন। এজন্য পাশের শেখঘাট এলাকায় বনবিভাগের নার্সারি হিসেবে ব্যবহৃত ৭০ শতক সংরক্ষিত জায়গায় ছয় মাসের জন্য মাছবাজার করার অনুমতি দরকার। সওজের ওই চিঠির বিষয়টি বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো অনুমতি দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মিসবাহউদ্দিন সিরাজ ও সওজের কর্মকর্তাদের উপস্থিতিতে একদল শ্রমিক নার্সারির জন্য সংরক্ষিত জমির সীমানা প্রাচীরের রাস্তার দিকের অংশ ভেঙে ফেলে। পরে ওই জমিতে কয়েকটি খুঁটিতে লাল পতাকা ওড়িয়ে তারা চলে যান। এরপর স্থানীয়রা নার্সারির চারাগুলো নিয়ে যায়। বিকালে সরেজমিনে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিদি দেখেন, নার্সারির সামনের ৬০ ফুট প্রাচীর ভাঙা। নার্সারির বিভিন্ন মূল্যবান গাছের অনেক চারা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল বাশার মিয়া সাংবাদিকেদের বলেন, “নার্সারির জায়গায় অস্থায়ী মাছবাজার করার জন্য সওজ আমাদের কাছে অনুমতি চেয়ে একটি চিঠি দেয়। “চিঠিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছি। নিয়মমতো সরকারি সম্পত্তি অন্য কোনো সরকারি দপ্তর স্থায়ী বা অস্থায়ীভাবে ব্যবহারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। “কিন্তু বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় সওজ এভাবে নার্সারি দখলে নেওয়ায় আমরা অসহায় বোধ করছি।” সওজ’র নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুর নির্মাণকাজ শেষ করার স্বার্থে বন বিভাগের ওই জায়গা ছয় মাসের জন্য নেওয়ার প্রস্তাব একটি চিঠির মাধ্যমে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সিদ্ধান্ত ছাড়াই জায়গা দখল, লাল পতাকা ওড়ানো এবং চারা অপসারণ সম্পর্কে তিনি বলেন, “সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে জনস্বার্থের বিষয়টি মুখ্য। এ জন্য স্থানীয় নেতৃবৃন্দদের পরামর্শে জায়গা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে মাত্র। বনবিভাগের অনুমতি ছাড়া কোনো কিছু করা হবে না।” মিসবাহউদ্দিন সিরাজের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সিকান্দর আলী বলেন, মিসবাহউদ্দিন সিরাজ উপস্থিত থেকে এ জায়গা অস্থায়ীভাবে ব্যবহারে অর্থমন্ত্রীর একটি ডিও লেটার দেওয়ার বিষয়টি উপস্থিত এলাকাবাসীকে অবহিত করেন। এরপর সীমানাপ্রচীর ভাঙা হয়। পরে তিনি চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.