২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মাদ্রাসা ছাত্রীকে মেরেছেন শিক্ষিকা

আরবী উচ্চারণে ভুল করায় বরগুনা সদরে এক মাদ্রাসা ছাত্রীকে মারধর করেছেন এক শিক্ষিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

বরগুনা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরবী উচ্চারণে ভুল করায় বরগুনা সদরে এক মাদ্রাসা ছাত্রীকে মারধর করেছেন এক শিক্ষিকা। এ ঘটনায় নিশাত আক্তার নামের ওই শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। লাকুরতলা বালক-বালিকা হেজবুল কোরআন মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী মরিয়মকে (১২) মারধর করা হয় গত ১ মে। এরপর তাকে ছাত্রাবাসে আটকে রাখা হয়। মঙ্গলবার সকালে ওই ছাত্রীর মা এসে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। মরিয়ম সাংবাদিকদের জানায়, আরবী অক্ষরের সঠিক উচ্চারণ করতে না পারায় শিক্ষিকা নিশাত তাকে টেবিলের ওপর বসিয়ে উরু ও দুই কাঁধে অন্তত ৫০টি বেত্রাঘাত করেন। অসুস্থ হলেও তাকে বিনা চিকিৎসায় মাদ্রাসায় আটকে রাখেন তিনি। মরিয়মের মা হাজেরা বেগম সাংবাদিকদের বলেন, ঘটনার তিনদিন পর মরিয়মকে দেখতে তিনি মাদ্রাসায় গেলে নির্যাতনের বিষয়টি জানায় সহপাঠীরা। হাজেরা বেগম আরো বলেন, “মেয়েকে মাদ্রাসা থেকে তার নিজের কাছে নিতে চাইলে কর্তৃপক্ষ বাধা দেয়। নিরুপায় হয়ে আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে তার জন্য শুধু ওষুধ কিনে দেই। “কিন্তু গত ১৪ দিনেও মরিয়ম সুস্থ না হওয়ায় মঙ্গলবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাই।” মরিয়মের চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিশনার মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত সার্জন খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তার শরীরে এখনো বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। শিক্ষিকা নিশাতের স্বামী আবদুল হালিম মিয়া স্ত্রীর অপরাধ স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্ধশতাধিক বেত্রাঘাত করা হয়নি। তবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মারধর করা উচিত নয় বলে জানান তিনি। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২২৮ ঘ.