২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলার ৮ আসামির বাড়িতে আগুন

বাগেরহাটের চিতলমারীতে আলম হত্যা মামলার এজাহারভুক্ত ৮ আসামির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

বাগেরহাট, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে আলম হত্যা মামলার এজাহারভুক্ত ৮ আসামির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার ভোরে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের ‘বিশ্বাস বাড়িতে’ এই ঘটনা ঘটে। যাদের ঘর পুড়েছে- সাঈদ বিশ্বাস, ওয়াদুদ বিশ্বাস, টুটুল বিশ্বাস, পান্না বিশ্বাস, মিতুল বিশ্বাস, মাস্তু বিশ্বাস, টিনু বিশ্বাস ও ওয়াহিদ বিশ্বাস। চর দখল নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ এপ্রিল সামছুল আলমকে কুপিয়ে হত্যা করার মামলায় এরা এখন গ্রাম ছাড়া। চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব ঘরে কারা আগুন দিয়েছে তা এখনও সনাক্ত করা যায়নি। বাগেরহাট দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে সাড়ে তিনটার দিকে দমকলের একটি ইউনিট বাগেরহাট থেকে ঘটনাস্থলে যায়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই ৮টি বসত ঘরসহ ১২টি ঘর পুড়ে যায়। তারা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে বলে জানান তিনি। টিনু বিশ্বাসের মা জাহানারা বেগম, সাঈদ বিশ্বাসের ভাইঝি ময়না (১৪) ও পান্না বিশ্বাসের স্ত্রী আসমা বেগম জানান, ৫০/৬০ জন লোক তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের ঘুম থেকে তুলে বাইরে নিয়ে আসে। হামলাকারীরা তাদের কাছ থেকে মুঠোফোনও কেড়ে নেয়। এরপর তারা ঘরে আগুন ধরিয়ে দেয়। তারা জানান, হামলাকারীদের অনেকেই তাদের পূর্ব পরিচিত এবং আলম হত্যা মামলার বাদিপক্ষের আত্মীয় ও সমর্থক। সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১১ ঘ.