২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বোমা হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

গোপালগঞ্জে বোমা হামলায় আহত যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম খান শাহিনের (৪২) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 04:53 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

গোপালগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বোমা হামলায় আহত যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম খান শাহিনের (৪২) মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শনিবার রাতে সদর উপজেলার আড়পাড়া গ্রামে নিজ বাড়িতে বোমা হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বোমা হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাহাবুব কাজী (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। শাহিনের পরিবারের অভিযোগ, জমির ধান কাটা নিয়ে একই গ্রামের হাসমত কাজীর সঙ্গে শুক্রবার শাহিনের ঝগড়া হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তারাই বোমা হামলা চালিয়েছে। এদিকে শাহিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার সমর্থকরা গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত অবরোধ করে রাখে । এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা হাসমত কাজীর দুটি বসতঘর ভাংচুর করে এবং জ্বালিয়ে দেয়। পুলিশ তাদের বাধা দিলে স্থানীয়দের মধ্যে সংঘর্ষে বাধে। এতে অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান, সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন, কনস্টেবল মো. উজ্জল মিয়া (২৬) ও মাহাবুব শেখসহ (৪০) অন্তত ১৫ জন আহত হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১০৪৮ ঘ.