ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকসই উন্নয়নে সাংস্কৃতিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে শেষ হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী পর্যায়ের সম্মেলন-সিডিএমএফ।
শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের সমাপনী পর্বে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সাংবাদিকদের সামনে ঢাকা ঘোষণা উপস্থাপন করেন।
এবারের ঘোষণায় টেকসই উন্নয়ন কর্মকাণ্ডে সাংস্কৃতিক অন্তর্ভুক্তিকরণ, সংস্কৃতির বিকাশে অংশীদারিত্বমূলক পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা, সাংস্কৃতিক অভিব্যক্তির বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে তথ্য সংগ্রহ ও আদান-প্রদান বৃদ্ধি, সাংস্কৃতিক ও উদ্ভাবনীমূলক বিভিন্ন শিল্পের পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের অবস্থার উন্নয়ন ঘটানো এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
তথ্যমন্ত্রী বলেন, “মানব উন্নয়নের জন্য আঞ্চলিক পর্যায়ে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা থাকা একান্ত জরুরি।”
এ লক্ষ্যে ২০০৫ সালের ইউনেস্কো কনভেনশনে অনুস্বাক্ষরের জন্য এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্বের সব জাতির সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশ নিশ্চিত করতে ২০০৫ সালে ‘কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড প্রোমোশন অব দ্য ডাইভারসিটি অব কালচারাল এক্সপ্রেশনস ২০০৫’ শীর্ষক এই সনদ পাস করে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো।
এ পর্যন্ত বিশ্বের ১২৩টি দেশ এতে অনুস্বাক্ষর করলেও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৪টি দেশের মধ্যে বাংলাদেশসহ মাত্র ১২টি দেশ এতে অনুস্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সিডিএমএফের উদ্বোধন করে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সব সংস্কৃতির মানুষকে নিজেদের ঐতিহ্য ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভোর নেতৃত্বে ইউনেস্কোর ৭ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/জেকে/২২২৪ ঘ.
bdnews24