গোপালগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মহারাজপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।
ফরিদপুর সদর থানা পুলিশ বুধবার শিশুটিকে তার বাবা ওবায়দুর রহমানের কাছে ফিরিয়ে দেয়।
এ ঘটনায় পুলিশ ওই গ্রামের জনৈক বাচ্চু শেখের স্ত্রী জাহেদা বেগমকে গ্রেপ্তার করেছে।
গত ১ মে (মঙ্গলবার) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড় মুসকুন্নি গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী শাহনাজ বেগমের ছেলে হয়।
পরদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেলেটি চুরি হয়।
ওই ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন ওইদিন রাতেই ফরিদপুর থানায় একটি জিডি করেন। গত শুক্রবার (৪ মে) একই থানায় মামলা দায়ের করা হয়।
মুকসুদপুর থানার ওসি ফেরদাউস হোসেন বলেন, অপহরণের পর বাচ্চু শেখ শিশুটিকে বিক্রির জন্য গ্রাহক ঠিক করছিলেন। এ নিয়ে তাদের বাড়িতে লোকজনের আনাগোনা বেড়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং পুলিশকে বিষয়টি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.
bdnews24