২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও-দিনাজপুরে কালবৈশাখী, ৬ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মঙ্গলবার কালবৈশাখী ঝড়ে ২৫টি গ্রাম লণ্ডভণ্ড হয়েছে। এ সময় ঘরচাপা পড়ে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঠাকুরগাঁও, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মঙ্গলবার কালবৈশাখী ঝড়ে ২৫টি গ্রাম লণ্ডভণ্ড হয়েছে। এ সময় ঘরচাপা পড়ে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। দিনাজপুরে ঝড়ের সময় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চারজন। এছাড়া ঝড়ে নীলফামারীর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তিন জেলাতেই বিপুল সংখ্যক গাছপালা উপড়ে যায় এবং বোরো ধান ও ভুট্টার আবাদ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিনিধি- ঠাকুরগাঁও: পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রউফ মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা, জাবনহাট ও হাজীগঞ্জ ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। “এতে আনুমানিক পাঁচ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। তিন ইউনিয়নের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে,” বলেন তিনি। ঝড়ের সময় ঘরচাপা পড়ে পাঁচজন নিহত হয়েছেন দুই ইউনিয়নে। এর হালেন- বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুল হালিম (২৬), ইউসুফ আলীর মেয়ে রীনা আক্তার (৭), মহসীন আলীর ছেলে সাকিবুল (৯), জাবরহাট ইউনিয়নের বটতলা- হাজীপাড়া গ্রামের মৃত শাকির মোহাম্মদের স্ত্রী শরিফুননেছা (৭০) ও চন্দরিয়া গ্রামের হালিমা বানু (৫০)। এছাড়া ঝড়ের সময় আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে ২৭ জনকে উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউএনও আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরচুনা, জাবনহাট ও হাজীগঞ্জ ইউনিয়নের সব কাঁচাবাড়ি ও ৫০ ভাগ আধাপাকা বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। জেলার সদর উপজেলা, রাণীশংকৈল, হরিপুর উপজেলাতেও কালবৈশাখী আঘাত হানে মঙ্গলবার। তবে ওই তিন উপজেলায় ক্ষতির পরিমাণ কম। ঝড়ে কয়েক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে জেলা শহরে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলায়েত হোসেন বলেন, ঝড়ে বোরো ও ভুট্টার আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল সংখ্যক গাছপালা উপড়ে গেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহ আলম বলেন, পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের চাল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা তৈরি করে ত্রাণসামগ্রী বিতরণের জন্য জেলা ত্রাণ কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। দিনাজপুর: জেলার পার্বতীপুর উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে বড়পুকুরিয়া বাজার সড়কে একটি চালের চাতালের দেয়াল চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেজিয়া (৪০) বড়পুকুরিয়া এলাকার মকসেদ আলীর স্ত্রী। এ সময় মকসেদসহ অন্তত পাঁচজন আহত হন। বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ি ফেরার পথে ঝড় শুরু হলে একটি চালের চাতালের বারান্দায় রেজিয়া ও মকসেদ আলীসহ বেশ কয়েকজন আশ্রয় নেন। “হঠাৎ চাতালের দেয়াল ধসে পড়লে সম্পূর্ণ চাপা পড়ে ঘটনাস্থলে রেজিয়ার মৃত্যু হয়।” রাতে দিনাজপুর সদর ও বিরল উপজেলাতেও ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম জানান, শিলাবৃষ্টিতে তিন উপজেলায় বোরো ধান ও মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বেশ কিছু গাছ-পালা ভেঙ্গে যায়। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে আনোয়ারুল আলম জানান। নীলফামারী: সদর উপজেলার পৌর এলাকা, ইটাখোলা, টুপামারী ও পলাশবাড়ি ইউনিয়নে মঙ্গলবার রাতে কালবৈশাখীতে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানান নীলফামারী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহেরা বানু। তিনি বলেন, “ঝড় ও শিলার আঘাতে তিন শতাধিক একর জমির ইরি-বোরো ধান ও ভুট্টার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।” ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৭০৭ ঘ.