হবিগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকার দেশকে ‘সন্ত্রাসী রাষ্ট্রে’ পরিণত করেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে অঙ্গীকারাবদ্ধ।
সোমবার দুপুরে হবিগঞ্জে ‘মুচাই কম্প্রেসর সেন্টার’ ও ‘রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট’ উদ্বোধন করে বাহুবল উপজেলার রশিদপুরে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “কৃষিক্ষেত্রে বিপ্লব সৃষ্টি হয়েছে। ২০১৩ সালের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।”
দেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫১ শয্যায় উন্নীত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, শিগগিরই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালকে ১০০ শয্যা থেকে আড়াইশ’ শয্যায় উন্নীত করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ।
সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী ও বাহুবল উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজমুল হোসেন চৌধুরী।
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভা পরিচালনা করেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসাইন মনসুর।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুচাই কম্প্রেসর সেন্টার’ ও ‘রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট’ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক।
মুচাই কম্প্রেসর সেন্টার উদ্বোধন করে প্রধামন্ত্রী বলেন, আমেরিকায় বাংলাদেশি পোষাক শিল্পের শুল্কমুক্ত রপ্তানির ব্যাপারে আলোচনা চলছে। তা সফল হলে এ শিল্প থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে।
তিনি বলেন, মুচাই কম্প্রেসর সেন্টার চালু হওয়ায় গ্যাসের চাপ বাড়বে। ফলে গ্যাসচালিত শিল্পকারখানাগুলো সচল হবে এবং উৎপাদন বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৬৪০ ঘ.
bdnews24