কিশোরগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলা নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) গাড়িতে হামলা-ভাংচুর শেষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের রশিদাবাদ বেইলি সেতুর কাছে এ ঘটনা ঘটে। এতে ওই সরকারি কর্মকর্তা ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে এনডিসি আনোয়ার হোসেন তার স্ত্রীকে নিয়ে সাদা জিপ গাড়িতে করে কিশোরগঞ্জে ফিরছিলেন।
এসময় রশিদাবাদ বেইলি সেতুর কাছে ৩/৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে গাড়িটির গতিরোধ করে হামলা-ভাংচুর চালায় এবং এক পর্যায়ে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
গাড়িতে থাকা এনডিসি ও তার স্ত্রী সামান্য আহত হন। পরে এলাকাবাসী এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।
পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরাও পরে সেখানে যায় বলে জানান ওসি।
আটককৃতরা হলেন- বিএনপি নেতা ও রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন শিহাব, মামুন ও ইকবাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৩৯ ঘ.
bdnews24