আহমেদ সজল
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের পর এবার শিক্ষার্থীদের মধ্য থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবি উঠেছে।
জোটের নেতা-কর্মীদের ওপর হামলার পরদিন রোববার জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট রোববার মিছিল-সমাবেশ করে উপাচার্যকে পদত্যাগ করার আহ্বান জানায়।
সাংস্কৃতিক জোটের এই দাবির সঙ্গে একাত্মতা জানায় ছাত্র ইউনিয়ন এবং আন্দোলনরত শিক্ষকরা।
‘উপাচার্যপন্থী’ ছাত্রলীগকর্মীদের হামলায় সাংস্কৃতিক জোট নেতা-কর্মীরা আহত হওয়ার প্রতিবাদে মিছিল-সমাবেশে নির্দলীয় শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল।
সকালে সাংস্কৃতিক জোটের সম্পাদক শাকিলা শারমিনের নেতৃত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে দেড় হাজারের বেশি শিক্ষার্থীর মিছিল শহীদ মিনার হয়ে উপাচার্য ভবনের সামনে এসে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জোট নেতা আরাফাত রহমান, হাসান আখতার সীনা, আতিয়া ফেরদৌস চৈতি, জাকারিয়া পলাশ, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সম্পাদক জাহিদুর রহমান জিন্নাহ প্রমুখ।
সমাবেশ থেকে সোমবার কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে শাকিলা শারমিন উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, “আপনি দ্রুত বিদায় হন, নয় তো ঝেটিয়ে বিদায় করতে বাধ্য হব, বড় বড় ভবন দরকার নেই, আপনি বিদায় হয়ে বিশ্ববিদ্যালয়কে বাঁচান।”
শিক্ষকদের আন্দোলনের মুখে গত ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য শরীফ এনামুল কবির বলেছিলেন, “কতিপয় শিক্ষক চাইলে নয়, শির্ক্ষার্থীরা বললেই পদত্যাগ করব।”
শিক্ষার্থীদের মধ্য থেকে এখন পদত্যাগের দাবি ওঠায় এখন শরীফ এনামুল কবীরকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।
প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকদের দাবির প্রতি সম্মান দেখিয়ে আগেই পদত্যাগ করা উচিত ছিল, যেহেতু করেননি তাই নিজের প্রতিশ্রুতি রক্ষায় এখনই তার পদত্যাগ করা দরকার।”
“নৈতিক জায়গা বিবেচনা করে উপাচার্যের উচিত সরে দাঁড়ানো,” বলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন।
আন্দোলনরত ‘শিক্ষক সমাজ’র আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৈতিকজ্ঞানসম্পন্ন হলে উচিত বিলম্ব না করে সরে যাওয়া।”
শুক্রবার শিক্ষক সমাজের ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ উপাচাপর্যের সমর্থনপুষ্ট বলে পরিচিত ছাত্রলীগ নেতারা ভেঙে ফেললে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সাংস্কৃতিক জোট।
এরপর শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা।
উপাচার্যের সমর্থন পাওয়া এই অংশটির বিরুদ্ধে ছাত্রলীগকর্মী জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে।
গত জানুয়ারিতে জুবায়ের হত্যাকাণ্ডের পর ওই ঘটনা এবং দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের অভিযোগ তুলে শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে শিক্ষক সমাজ।
শিক্ষক সমাজ গত কয়েকদিন ধরে উপাচার্য ভবন অবরোধ চালিয়ে যাচ্ছে। রোববারও তাদের কর্মসূচি ছিল। অন্যদিকে ‘উপাচার্যপন্থী’ ছাত্রলীগ নেতা-কর্মীদের পরিবহন চত্বরে মহড়া দিতে দেখা গেছে।
মামলা নেয়নি পুলিশ
সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের মারধরের ঘটনায় মামলা করতে গেলে মামলা নেয়নি আশুলিয়া থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় জোটের নেতা দীপায়ন ভট্টাচার্য মামলা করতে গেলে পুলিশ শুধু অভিযোগ হিসেবে তা গ্রহণ করে।
এই বিষয়ে আশুলিয়া থানার ওসি বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পর্যাপ্ত তথ্য না থাকায় মামলা গ্রহণ করা হয়নি।”
‘রাষ্ট্রপতির কাছে নিরাপত্তা চাই’
শুক্র ও শনিবার ‘উপাচার্যপন্থী ছাত্রলীগের’ হামলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অনেকেই নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকেই বলছেন, তারা রাতে হলে থাকার সাহস পাচ্ছেন না।
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা আন্দোলনরত অনেক শিক্ষকের বাসায় রাত কাটিয়েছে, অনেকে আমার বাসায়ও ছিল।”
ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সম্পাদক জাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমরা রাষ্ট্রপতির নিকট নিরাপত্তা প্রার্থনা করছি।”
প্রক্টরের সাফাই
শনিবার রাতে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের পক্ষে সাফাই গেয়েছেন প্রক্টর সুকল্যাণ কুণ্ডু।
তিনি সাংবাদিকদের বলেন, “এক হাতে তালি বাজে না, হয়তো কেউ তাদের কটূক্তি করেছে, নয়তো এমন ঘটনা ঘটতে পারে না।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবারের হামলা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রীতিলতা হলের প্রাধ্যক্ষকে প্রধান করে গঠিত এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পত্রিকা উধাও
আন্দোলনের সংবাদ প্রকাশিত হওয়ায় বিভিন্ন হল থেকে অধিকাংশ জাতীয় দৈনিক রোববার সরিয়ে ফেলা হয়। বিচ্ছিন্ন করা হয়েছে কেবল টিভির সংযোগও।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে কমন রুমে গিয়ে দেখি, অধিকাংশ জাতীয় দৈনিক কে বা কারা সরিয়ে ফেলেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৫ ঘ.
bdnews24