ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার কাজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দলীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপি দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করে সোমবার। হরতালের কারণে আসামিপক্ষের আইনজীবীরা এদিন উপস্থিত হতে পারেননি বলে তাদের এক সহকারী ট্রাইব্যুনালকে জানান।
এদিন প্রথম পর্যায়ে দুপুর দেড়টা পর্যন্ত কার্যক্রম স্থগিত করে যুদ্ধাপরাধের বিচারে গঠিত প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু মধ্যাহ্নভোজের পরেও আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না হওয়ায় মামলার কার্যক্রম একদিনের জন্য মুলতবি করা হয়।
মধ্যাহ্নভোজের পর সাঈদীর জ্যেষ্ঠ আইনজীবী মিজানুল ইসলামের সহকারী হাসানুল মান্না সোহাগ ট্রাইব্যুনালকে বলেন, মিজানুলের শারীরিক ‘সমস্যার’ জন্য তাকে রিকশা বা অটো রিকশায় আনার কোনো উপায় নেই।
আসামিপক্ষের এই আইনজীবী সাধারণত হুইল চেয়ার ও মাঝে মাঝে ক্রাচে ভর দিয়ে চলাচল করেন।
এ সময় ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজামুল হক শুনানি শুরু করতে চাইলে তা মুলতবির অনুরোধ জানান সাঈদী নিজে।
তিনি বলেন, “আমি আইনের বিষয় কিছু বুঝি না। কিন্তু আমার কোনো কৌঁসুলি আজকে আসে নাই।”
এ সময় বিচারপতি নিজামুল হক বলেন, “আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আজকে ট্রাইব্যুনাল আপনার কৌঁসুলির দায়িত্ব পালন করবে।”
আগামী দিন সাঈদীর আইনজীবীরা এ বিষয়ে শুনানি করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
তখন সাঈদী বলেন, “আমি ব্যক্তিগতভাবে কখনো মুলতবির আবেদন করিনি। আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আমি আদালতের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল। কিন্তু একদিনের জন্য আদালতের কার্যক্রম স্থগিত করতে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।”
ট্রাইব্যুনাল প্রধান বলেন, “কিন্তু আজ আমি অন্তত কিছু কাজ করতে চেয়েছিলাম।”
“দয়াকরে আগামীকাল এটি করুন,” বলেন সাঈদী।
তখন আদালতের কার্যক্রম মুলতবির আদেশ দেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক।
মঙ্গলবার সাঈদীর মামলার পাশাপাশি বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর একটি আবেদনের ওপর আদেশ এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
একাত্তরে পিরোজপুরে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, ধর্মান্তরকরণ, অগ্নিসংযোগসহ ২০টি অপরাধে গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/০১০১ ঘ.
bdnews24