২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে শ্বশুর বাড়িতে স্কুল শিক্ষিকা ‘হত্যা’

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রোববার এক স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নোয়াখালী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রোববার এক স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার ফারজানা নূর সুখী (২৭) নামের ওই গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলার আরো তিন আসামি পলাতক রয়েছেন। ফারজানা মৌলভীবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি নোয়াখালী সদরের বিনোদপুর ইউনিয়নের সাব্বির আহম্মদের মেয়ে। ফারজানার বাবা সাব্বির আহম্মেদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে প্রথম শ্রেণী পাওয়া ফারজানা গত বছরের ২৪ জুন নিজের পছন্দে বিয়ে করেন বরিশাল সরকারি হাতেম আলী ডিগ্রি কলেজের প্রভাষক মো. বায়েজিদকে। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন এই বিয়ে মেনে নেয়নি। তাই বিয়ের পর থেকেই তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। চাকরির কারণে ফরজানা মৌলভীবাজার জেলায় নিজ কর্মস্থলে অবস্থান করতেন। তিনি আরো জানান, গত ১৪ এপ্রিল নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে ফারজানার একটি মেয়ে হয়। এতে স্বামী, শ্বশুর-শাশুড়ি ক্ষুদ্ধ হয়ে চিকিৎসা শেষ না হতেই ফারজানাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। রোববার রাত ৮টার দিকে ফারজানাকে অচেতন অবস্থায় জেলা শহরের মডার্ন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাব্বির আহম্মেদ বাদী হয়ে শ্বশুর আহসান উল্লাহ খান, শাশুড়ি মাহেনুর বেগম, স্বামী মো. বায়েজীদ ও ননদ বরকত জাহানকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিনুজ্জামান বলেন, ময়নাতদন্তের পর ফারজানার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৩৩ ঘ.