মাগুরা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার গাংনালিয়া গ্রামে জমির আল কাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন।
নিহতের নাম রুহুল আমীন (৫০)। শনিবার রাতে হামলায় আহত রুহুল রোববার সকালে মারা যান।
হামলায় আহত ইকমান আলী সাংবাদিকদের বলেন, শনিবার বিকালে গ্রামের কৃষক সোমা লস্করের সঙ্গে রুহুল আমিনের ধানি জমির আল কাটা নিয়ে হাতাহাতি হয়।
“ওই ঘটনার জের ধরে রাত ৮টার দিকে স্থানীয় বাজারে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে ১০ জন আহত হয়,” বলেন তিনি।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় রুহুল আমিনকে সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠানো হলে সেখানে নেওয়া পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বলেন, এই ঘটনায় মামলা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল গাংনালিয়া বাজারে অবস্থান করছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24