বেনাপোল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলের সীমান্ত পথে অবৈধভাবে ভারত যাওয়ার সময় চার নারীসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকরা হলেন- সন্ধ্যা রানী (৪৫), নিলু বিশ্বাস (৪২), রেনু বালা বিশ্বাস (২৮), বিউটি রানী বালা (২৩), প্রশান্ত কুমার (৩৫), সুখেন মন্ডল (১৮), সমরেশ বালা (৩৮), সুরজিত বালা (১৬), গৌতম মন্ডল (২০) ও বিষ্ণু নাথ বিশ্বাস (৩৯)। এদের বাড়ি রাজবাড়ি, মাগুরা ও যশোেরর বিভিন্ন এলাকায়।
যশোর ২৬ ব্যাটালিয়ন বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া মোড় থেকে এদের আটক করা হয়।
এ সময় পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি। আটকদের বেনাপোল বন্দর থানা পুলিশে সোপার্দ করা হয়েছে।
আটকরা বেনাপোল বন্দর থানায় সাংবাদিকদের জানান, চিকিৎসা ও আত্মীয়ের বাড়িতে বেড়াতে তারা ভারত যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৩১ ঘ.
bdnews24