ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, খ্যাতনামা কথাশিল্পী হাসান আজিজুল হক এবং তরুণ কবি দ্রাবিড় সৈকত পেয়েছেন ২০১১ সালের ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার।
ব্যাক ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৈয়দ শামসুল হক তার ‘তবু বেঁচে থাকা অপরূপ’ কাব্যের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণীতে পুরস্কার পেয়েছেন।
প্রবন্ধ, আত্মজীবনী ও ভ্রমণসাহিত্য শ্রেনীতে পুরস্কার পেয়েছেন হাসান আজিজুল হক তাঁর আত্মজীবনীমূলক স্মৃতিকথা ‘উঁকি দিয়ে যায় দিগন্ত’ এর জন্য।
দ্রাবিড় সৈকত তার প্রথম কাব্যগ্রন্থ ‘বয়াংসি চরকায় লাঙল কাব্য’-এর জন্য তরুণ লেখক শ্রেণীতে পুরস্কার পান।
পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র ও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বরেণ্য খ্যাতিমান লেখকদের প্রকাশিত শ্রেষ্ঠ গ্রন্থকে সম্মাননা স্বীকৃতি এবং তরুণ লেখকদের উৎসাহিত করার জন্য ব্র্যাক ব্যাংক ও সমকাল এই সাহিত্য পুরস্কার চালু করেছে।
রোববার সন্ধ্যায় গুলশানের একটি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। দেশের সাহিত্য জগতের স্বনামধন্য ব্যক্তিবর্গরাও এ অনুষ্ঠানে যোগ দেন।
জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরুল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, কবি আসাদ চৌধুরী এবং কথাশিল্পী সেলিনা হোসেনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড ২০১১ সালে প্রকাশিত বই থেকে সেরা তিনটি বই নির্বাচন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭২৯ ঘ.