২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ নজরুলকে তলব: শুনানি ২৯ এপ্রিল

টক শোতে দেওয়া বক্তব্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে তলবের আদেশের পরবর্তী শুনানি হবে আগামী ২৯ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টক শোতে দেওয়া বক্তব্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে তলবের আদেশের পরবর্তী শুনানি হবে আগামী ২৯ এপ্রিল। তার পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের সময় প্রার্থনার আবেদনে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ শুনানির এ দিন ঠিক করেন। শুনানির সময় কাঠগড়ার পাশে এক ঘণ্টা পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিলেন আসিফ নজরুল। এ সময় তার আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ তাকে বসতে দেওয়ার অনুমতি চাইলেও আদালত বলে, এখানে এসে সচিবরাও দাঁড়িয়ে থাকেন। আইনের দৃষ্টিতে সবাই সমান। আদালত বাক স্বাধীনতার সীমা বিষয়ে মত দিতে ১২ জনকে অ্যামিকাস কিউরি (আদালত-বন্ধু) হিসাবে নিয়োগ দিয়েছে। এরা হলেন- মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ড. এম জহির, ব্যারিস্টার আখতার ইমাম, এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মঈনুল হোসেন, কামালুল আলম, ইউসুফ হোসেন হুমায়ুন। দুপুরের আগে রোকন উদ্দিন আদালতে গিয়ে বলেন, “এই মামলায় বিবাদীর মূল আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বর্তমানে প্যারিসে রয়েছেন। তিনি এই মামলায় আসিফ নজরুলের পক্ষে শুনানি করতে চান।” “গত ২২ মার্চ হাজিরার দিন তিনি বিবাদীকে নিয়ে আদালতে এসেছিলেন। সেদিন ড. আসিফ নজরুলও তার পক্ষে ওকালতনামা দাখিল করেছেন। তবে আদালত না বসায় সেদিন শুনানি হয়নি। এই অবস্থায় আমি সময়ের আবেদন করছি।” এ সময় আদালত বলে, কিন্তু তিনি (আসিফ নজরুল) এখন কোথায়? তাকে তো আদালতে আসতে হবে। এক কাজ করেন, দুুপুরের পর আসেন, তখন (সময় প্রার্থনার বিষয়টি) দেখা যাবে। দুপুরের পর ৩টা ২৫ থেকে শুনানি শুরু হয়। আদালতে আসিফ নজরুলের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার সারা হোসেন ও ড. শাহদীন মালিক। আদালত কক্ষে আসিফ নজরুলের স্ত্রী রোকেয়া প্রাচীও উপস্থিত ছিলেন। একটি টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৫ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই শিক্ষককে তলব করে। তলবের আদেশে তাকে ২২ মার্চ আদালতে হাজির হতে বলা হয়। ওই দিন তিনি হাই কোর্টে হাজিরা দিলেও তলবকারী এই বেঞ্চের এক বিচারপতি ছুটিতে থাকায় এ বিষয়ে শুনানি হয়নি। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ মার্চ বাংলাভিশনে এক টক শোতে তিনি বলেছিলেন, “আগামীতে কে ক্ষমতায় আসবে- বিরোধীদলীয় নেত্রীকে জিজ্ঞ্যেস করলে তিনি বলবেন, তৃতীয় শক্তি। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনিও বলবেন, তৃতীয় শক্তি।” তার এই বক্তব্য অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখলে উস্কানি দেওয়ার শামিল দাবি করে রিট আবেদনটি করেন ব্যারিস্টার নওশের আলী নামে এক আইনজীবী। ওই বক্তব্যের ব্যাখ্যা দিতেই ‘নাগরিক আন্দোলন’ নামে নবগঠিত একটি ফোরামের অন্যতম উদ্যোক্তা আসিফ নজরুলকে আদালতে তলব করা হয়েছিল। আদালত একইসঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও তৃতীয় শক্তির উত্থানে উস্কানি দেওয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- এই রুল জারি করে। আসিফ নজরুল ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০২৫ ঘ.