২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ও চীন থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বিমান বাহিনীর আধুনিকায়নে রাশিয়া ও চীনের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান ও রাডারসহ বিভিন্ন সমরাস্ত্র কিনবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাহিনীর আধুনিকায়নে রাশিয়া ও চীনের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান ও রাডারসহ বিভিন্ন সমরাস্ত্র কিনবে সরকার। সংসদে গত জানুয়ারিতে পেশ করা পরিকল্পনা মন্ত্রণনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, “বাংলাদেশ গত বছরের ডিসেম্বরে স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। এছাড়া ২০১০-১১ অর্থবছরে এক স্কোয়াড্রন (১৬টি) এফ-৭ বিজিআই যুদ্ধ বিমান, তিনটি এমআই-১৭১ হেলিকপ্টার এবং দুটি এডি রাডার কেনার চুক্তি করেছে।” এফ-৭ বিজিআই যুদ্ধবিমানগুলো কেনা হচ্ছে চীন থেকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে ঋণ চুক্তির আওতায় এক স্কোয়াড্রন প্রশিক্ষণ বিমান (এমআরসিএ জেট ট্রেইনার) এবং উচ্চ ক্ষমতার রাডার সংগ্রহ করা হবে।” স্থায়ী কমিটির এ প্রতিবেদনে বলা হয় এ অর্থবছরে বিমানবাহিনীর তিন হাজার ১২২ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এদের মধ্যে ১২০ জন বিদেশে প্রশিক্ষণ পাবে। মধ্য মেয়াদী বাজেট রূপরেখায় বিমানবাহিনীর ১৬টি যুদ্ধ বিমান ও ১৮টি প্রশিক্ষণ বিমান বদলানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১১-১২ অর্থবছরের বাজেটে বিমানবাহিনীর জন্য এক হাজার ৭৬৬ কোটি টাকার খরচ ধরা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে যা বেড়ে ২ হাজার ৫৪৯ ডলারে দাড়াবে বলে উল্লেখ করা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির এ প্রতিবেদনের বিষয়ে বিমান বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকার আমাদের কাছে আধুনিকায়নের পরিকল্পনা চেয়েছে; সেইমতো আমরা তা দিয়েছি এবং এ বিষয়ে কাজ চলছে।” তিনি বলেন, “স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পর আমরা বঙ্গবন্ধু অ্যারোনটিকাল টেকলোজি সেন্টার গড়ার ভিত তৈরি করেছি যেখানে আমরা আমাদের বিমান নিয়ে গবেষণা ও মেরামতের কাজ করতে পারব।” “আমরা রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছি। এ বছরের মধ্যেই তারা সরবরাহ করা শুরু করবে। আশা করছি চীনের কাছ থেকে এ বছরের মধ্যেই কয়েকটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান পাব।” ক্রয় চুক্তির মধ্যে যুদ্ধ বিমানের প্রয়োজনীয় বিকল্প যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সরবরাহের শর্তও রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৮০৪ ঘ.