২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ভোলা, মাদারীপুর, মানিকগঞ্জ ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বুধবার ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছে ভোলায় তিনজন এবং বাকি জেলাগুলোয় একজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা, মাদারীপুর, মানিকগঞ্জ ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বুধবার ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছে ভোলায় তিনজন এবং বাকি জেলাগুলোয় একজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: ভোলা: ভোলা সদর, মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক তিন দুর্ঘটনায় নিহতরা হলেন সদরের বাপ্তা ইউনিয়নের কাঞ্চন মিয়ার ছেলে আবু ছিদ্দিক (৩০), মনপুরার হাজিরহাট ইউনিয়নের সুক্কুর আলীর স্ত্রী হাজেরা খাতুন (৭৫) এবং বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে নীরব (৩২)। ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামূল হক ও সাইফুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০টার দিকে খেয়াঘাট এলাকায় দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের ছাদ থেকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই আবু ছিদ্দিক মারা যান। মনপুরা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাকুচিয়া থেকে হাজিরহাটগামী একটি মোটরসাইকেল হাজেরা খাতুনকে চাপা দেয়। মনপুরা হাসপাতালে তার মৃত্যু হয়। বোরহানউদ্দিন থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, উপজেলার মানিকা বাজারে দুপুর ১২টায় একটি অটোরিকশা পথচারী নীরবকে চাপা দেয়। ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর: বিকাল সাড়ে ৫টার দিকে রাজৈর উপজেলার নয়ানগর কালীখোলা এলাকায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বাসুদেব বণিক (৩০) একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি রাজৈর বাজারের নির্মল বণিকের ছেলে। মানিকগঞ্জ: শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে বিকাল ৪টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে শান্তি শীল (৮৫) ঘটনাস্থলেই মারা যান। শিবালয় থানার ওসি মো. রেজাউল করিম বলেন, নিহত শান্তি শীল উপজেলার শিবালয় গ্রামের প্রয়াত বিজয় শীলের স্ত্রী। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নেত্রকোনা: পূর্বধলা থানার ওসি জানান, উপজেলার ইশবপুরে সকাল সাড়ে ৯টায় ম্যাক্সির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লিটন মিয়া (২৪) নিহত হন। লিটন উপজেলার ধারলা গ্রামের নূরুল ইসলামের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩১২ ঘ.