ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’।
বেসামরিক বিমানমন্ত্রী ফারুক খানের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার দাবি মেনে নেওয়া বিষয়ে বিমানমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছি।”
“বৈঠকে মন্ত্রী জানিয়েছেন সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল বিমানের সৃষ্ট জটিলতা নিরসনে উদ্যোগ নিচ্ছে।”
মন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, “বিমান বাঁচাও ঐক্য পরিষদ ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের আশ্বাস দিয়েছে। তাদের দাবিগুলোর বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
গত ৩ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদত্যাগ ও পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয় কেবিন ক্রু ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’।
বিমানের বর্তমান পরিচালনা পরিষদকে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ আখ্যায়িত করে পরিষদের ব্যানারে গত ৫ মার্চ থেকে আন্দোলন করে আসছেন বিমানের পাইলট, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, ফ্লাইট ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮৩৫ ঘ.
bdnews24