নরসিংদী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে একটি বাড়িতে আগুন লেগে তিন বোনের মৃত্যু হয়েছে।
নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার রাত ১১টার দিকে নরসিংদী শহরের পূর্ব বাসাইল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত দিতি আক্তার (৬), লামিয়া আক্তার (৩) জান্নাত বেগমের (৭ মাস) বাবা আব্দুস সাত্তার ওই এলাকার একটি রিকশার গ্যারেজের মালিক।
ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে তিন মেয়েকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে তাদের মা নূরজাহান বেগম পাশের দোকানে যান। এ সময় ঘরের কুপি বাতি থেকে আলনার কাপড়ে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।”
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাস্তা যথেষ্ট চওড়া না হওয়ায় তারা আর গন্তব্যে পৌঁছতে পারেনি।
এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা অনেক বেশি হওয়ায় তারা শিুশু তিনটিকে জীবিত উদ্ধারে ব্যর্থ হন।
তিন বোনের দগ্ধ লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২৪০ ঘ.
bdnews24