চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবিতে সোমবার দুপুর থেকে চট্টগ্রাম কাস্টম হাউজে কাজ বন্ধ রেখেছে সিঅ্যান্ডএফ এজেন্টরা।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, দুপুর সাড়ে ১২টা থেকে তারা আমদানি সংক্রান্ত নথিপত্র কাস্টমস হাউজে জমা দেওয়া বন্ধ রেখেছেন। এ কারণে শুল্কায়ন প্রক্রিয়াও বন্ধ রয়েছে।
“আমদানি করা কন্টেইনার বন্দর থেকে ছাড় করানোর জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ অঙ্গীকারনামা জমা দেওয়ার নতুন নিয়মের প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি”, বলেন তিনি।
কাস্টম হাউজের নিয়ম অনুযায়ী, আমদানি পণ্যের কন্টেইনার জাহাজ থেকে খালাস করে আমদানিকারককে হস্তান্তরের আগে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেওয়া হয়। ওই কন্টেইনারে কী ধরনের পণ্য কী পরিমাণে আছে- সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে ওই অঙ্গীকারনামায়।
নতুন নিয়ম অনুযায়ী, পণ্য ছাড় করানোর আগে আমদানিকারক প্রতিষ্ঠানের পাশাপাশি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানকেও অঙ্গীকারনামা দিতে হবে।
এছাড়া একই প্রতিষ্ঠানের আমদানি করা সব কন্টেইনার একই দিনে ছাড় করানোর বিষয়েও নতুন নিয়ম জারি হয়েছে বলে মাহমুদ ইমাম বিলু জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/জেকে/১৬২২ ঘ.
bdnews24