২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ সরকারি কর্মী গ্রেপ্তার

আগারগাঁও তালতলা সরকারি স্টাফ কোয়ার্টারে এক সরকারি কর্মচারীর বাসা থেকে শুক্রবার গভীর রাতে প্রায় সাড়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগারগাঁও তালতলা সরকারি স্টাফ কোয়ার্টারে এক সরকারি কর্মচারীর বাসা থেকে শুক্রবার গভীর রাতে প্রায় সাড়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন- সরকারি কর্মচারী আমির হোসেন (৪৭), বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী শাহ রিয়াজ টুইন, আক্তার হোসেন (৩৪) ও মো. জহির উদ্দিন ভূইয়া (৩৯)। শনিবার গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত উপ কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তালতলা স্টাফ কোয়ার্টারের ১০২ কল্লোল-খ ফ্ল্যাটে অভিযান চালায়। সরকারি গণপূর্ত বিভাগের কর্মচারী আমির হোসেনের ওই বাসা থেকে তল্লাশি চালিয়ে সাড়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং পরে একটি প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। আটকৃতদের মধ্যে আমির হোসেন মূলত ইয়াবা ব্যবসায়ী। রিয়াজ আগে ইয়াবা আসক্ত ছিলেন। বর্তমানে তিনি এর ব্যবসায় জড়িত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আক্তার এবং জহির টেকনাফ এবং চট্টগ্রাম থেকে ইয়াবা বহনের কাজ করে থাকেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক প্রায় ৫০ লাখ টাকা বলে গ্রেপ্তারকৃতরা জানায়। জাল নোট উদ্ধার গোয়েন্দা পুলিশের একই দল একই রাতে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেন (২৮) ও মো. হুমায়ুন কবির (৩৬) নামে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০ লাখ চার হাজার বাংলাদেশি টাকার জাল নোট উদ্ধার করা হয়। তারা আসল একশ টাকার নোটের রং পরিবর্তন করে পাঁচশ টাকার জাল নোট বানিয়ে বাজারে ছাড়ে। এছাড়া উন্নত কাগজে বিভিন্ন মানের জাল টাকা তৈরি করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/২১২১ ঘ.