২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ সাংবাদিকের খোঁজে ফেইসবুকে প্রতিযোগিতা

প্রতিশ্র“তিশীল তরুণ সাংবাদিক খুঁজে বের করতে ফেইসবুকে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘রবি-আইইউবি ইয়াং জার্নালিস্ট কনটেস্ট-২০১২’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিশ্র“তিশীল তরুণ সাংবাদিক খুঁজে বের করতে ফেইসবুকে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘রবি-আইইউবি ইয়াং জার্নালিস্ট কনটেস্ট-২০১২’। অংশগ্রহণকারীদের তৈরি করা ভিডিও উপস্থাপনা ও রচিত প্রবন্ধে বিচারকদের রায় এবং ফেসবুকে দর্শক ও পাঠকদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে এ তরুণ সাংবাদিকদের। বুধবার এ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক ওমর রহমান এবং রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার। অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তিন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট দল গঠন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। তবে দলের সদস্যদের অবশ্যই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। দলগুলোকে সর্বোচ্চ দুই মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনের সঙ্গে সর্বোচ্চ ২৫০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে। আগামী ২৯ মার্চের মধ্যে এগুলো পৌঁছে দিতে হবে গুলশানে রবি’র করপোরেট অফিসে। এসব প্রবন্ধ রবির ফেসবুক পেজে www.facebook.com/robifanz আপলোড করা হবে। আগামী ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে ভোটিং। ফেসবুক ব্যবহারকারীরা এতে লাইক অপশন ব্যবহার করে ভোট দিতে পারবেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয়টি দলকে দুটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হবে ৯ এপ্রিল। এর মধ্যে বিচারকদের রায়ে তিনটি দল এবং ফেসবুকে ভোটের মাধ্যমে জনপ্রিয়তার ভিত্তিতে বাকি তিনটি দল নির্ধারিত হবে। কোনো দলের তৈরি করা প্রতিবেদন কোনো মিডিয়াতে প্রকাশিত হলে সেক্ষেত্রে তারা বোনাস পয়েন্ট পাবেন। উভয় ক্যাটাগরিতে সেরা দুই দল ৫০,০০০ টাকা, প্রথম রানারআপ ৩০,০০০ টাকা এবং দ্বিতীয় রানার আপ ২০,০০০ টাকা করে প্রাইজমানি পাবেন। চ্যাম্পিয়ন দুটি দল দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল ও পত্রিকাতে দুই দিনের জন্য কাজ করার সুযোগও পাবেন। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, “ভবিষ্যৎ সাংবাদিকদের পঠিত বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা তৈরি করতে রবি এ আয়োজন করেছে।” এসময় উপস্থিত ছিলেন আইইউবি’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জিএম শহিদুল আলম ও রবি’র শীর্ষ কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/১৮৪০ ঘ.