ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন বুধবার শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সরকার ও বিরোধী দল সমর্থক দুটি প্যানেল।
নির্বাচন উপকমিটির আহবায়ক মো. নূর হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।
নির্বাচন উপ কমিটির সদস্য মো. আমিনুল হক হেলাল জানান, এবারের নির্বাচনে ভোটার মোট তিন হাজার ৮২৯ জন। ৩৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে ১৪ জনকে তারা বেছে নেবেন ২০১২-১৩ মেয়াদে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য।
এবার বিরোধী দল সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে লড়ছেন জয়নুল আবেদীন। সম্পাদক পদের প্রার্থী হিসেবে তার সঙ্গে আছেন মো. হেলাল উদ্দিন মোল্লা।
অন্যদিকে সভাপতি পদে ক্ষমতাসীন দল সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী মো. মুনসুরুল হক চৌধুরী। আর সম্পাাদক পদে লড়ছেন মোমতাজ উদ্দিন মেহেদী।
গত দুটি নির্বাচনে এ দুটি পদে বিরোধী দল সমর্থক আইনজীবীরাই বিজায়ী হয়েছিলেন।
অন্যান্য পদে ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো. আশরাফ-উজ-জামান ও সাইফুদ্দিন মো. আমিনুর রহিম (চন্দন), কোষাধ্যক্ষ পদে শাহ মো. মুনীর শরীফ, সহ-সম্পাদক পদে মো.ফারুক হোসেন ও মো. সহিদুজ্জামান।
আইনজীবী সমন্বয় পরিষদের বাকি প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে কে এম সাইফুদ্দীন আহমদ ও মো. মোস্তফা (বি), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ-সম্পাদক পদে এ কে এম তৌহীদুর রহমান ও মো. নুর নবী-বুলবুল।
এছাড়া সাতটি সদস্য পদের জন্য ঐক্য পরিষদের জাহানারা বেগম, জান্নাত সুলতানা (মুক্তা), মো. আছরারুল হক, মো. কামরুজ্জামান সেলিম, মুহাম্মদ মিজানুর রহমান (মাছুম), রাফাত জাহান লুনা ও শাহানারা পারভীন (বকুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পদে সমন্বয় পরিষদের সাত প্রার্থী হলেন- জোবায়দা পারভিন, মো.আবদুল আজিজ মিয়া (মিন্টু), মো. আবু তৌহিদ ভুঁইয়া প্রিন্স, মো.শরাফতুল্লাহ, সাবিহা ইয়াসমিন, সঞ্চিতা সাহা ও সৈয়দা সাবিনা আহমদ (মলি)।
এছাড়া নিরপেক্ষ আইনজীবী ঐক্য পরিষদ নামে ‘হলুদ’ প্যানেল থেকে এবার পাঁচ পদে প্রার্থী দেওয়া হয়েছে।
এই প্যানেলে সভাপতি পদে এ বি এম নুরুল ইসলাম, সম্পাদক পদে মো. শাহজাহান, সহ-সভাপতি পদে অমলেন্দু বিকাশ রায় চৌধুরী ও মো. শহিদুল্লাহ্, কোষাধ্যক্ষ পদে মো. এমদাদুল হক কাজী নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর বাইরে ড. ইউনুছ আলী আকন্দ নামে আরেক আইনজীবী এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১০০৫ ঘ.
bdnews24