ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের চর কিশোরীতে লঞ্চ দুর্ঘটনা তদন্তে মন্ত্রণালয় গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
মঙ্গলবার নৌমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটি প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাইতুল আমিন ভূঁইয়া জানিয়েছেন, তারা দুর্ঘটনার জন্য দায়ী নৌযানটি সনাক্ত করতে পারেননি তারা।
শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি শরীয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি গত ১২ মার্চ রাতে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যায়। দুর্ঘটনায় ডুবে যাওয়া ১৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার পাওয়া যাত্রীরা জানান, একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তাৎক্ষণিকভাবে তাদের লঞ্চটি ডুবে যায়।
লঞ্চডুবির ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর তিনটি তদন্ত কমিটি করে। এর মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিল।
মঙ্গলবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান বাইতুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় দোষী কোনো জাহাজকে সনাক্ত করা যায়নি। তবে বালুবাহী বা মালবাহী ছোট নৌযানের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।”
এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।
যুগ্মসচিব জানান, নৌমন্ত্রী বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেটি/এমআই/২১২৩ ঘ.
bdnews24