ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিসত্বর বীমা কমিশন নির্ধারণের জন্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
সোমবার মতিঝিলে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বীমা আইন ২০১০ অনুযায়ী কমিশনের হার আইডিআরএ নির্ধারণ করে দেবে। কিন্তু তারা তা না করায় সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলো কমিশন দিতে পারছে না।
বিআইএ সভাপতি শেখ কবির হোসেন বলেন, “এখনো বীমা কমিশনের হার নির্ধারণ না করায় বীমা শিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। তাই আমরা কর্তৃপক্ষের প্রতি দ্রুত এই হার নির্ধারণের আহবান জানাই।”
“চেকের মাধ্যমে কমিশন প্রদানে আমাদের কোনো আপত্তি নেই। তবে কতভাগ ও কী প্রক্রিয়ায় কমিশন দেওয়া হবে, তা আইডিআরএকে ঠিক করে দিতে হবে,” বলেন তিনি।
এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যে বিআইএ একটি চার সদস্যের কমিটি গঠন করেছে। এই কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্যে আইডিআরএর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সম্মেলনে ছিলেন গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী, মেঘনা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, রূপালী ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক পি কে রায় প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২২০৩ ঘ.
bdnews24