ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাভার থানার ওসি আসাদুজ্জামানসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম অদালতে এ মামলা করেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা।
বাদির জবানবন্দি নিয়ে এবং ঘটনার সরেজমিনে তদন্ত করে সাভার থানার সহকারী পুলিশ সুপারকে অগামী ২০ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন হাকিম তৈয়বুল হাসান।
সাভার থানার উপ-পরিদর্শক (এসঅই) যুবাইদুল হক, সহকারী উপ-পরিদর্শক কায়সার মাতব্বরসহ নাম উল্লেখ না করে ওই থানার আরো ১২ কনস্টেবলকে মামলায় আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গোলাম মোস্তফা সাভার এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি এবং নয়ারহাট গণবিদ্যাপীঠ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আসামি কায়সার দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজনকে আটক রেখে অর্থ আদায় করে আসছিল অভিযোগে করে মামলায় বলা হয়, এরই ধারাবাহিকতায় কায়সার গত ১৬ মার্চ গালাম মোস্তফার সঙ্গে দেখা করে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।
বাদি সেদিন টাকা দিতে অস্বীকার করলে এর পরদিন কায়সার, যুবাইদুল ও ১০-১২ জন কনস্টেবল মোস্তফার বাসায় এসে তাকে থানায় নিয়ে অটকে রাখে।
থানায় নিয়ে আসার পর ওসি আসাদুজ্জামান তার সঙ্গে খারাপ আচরণ করে রাত ১০টার দিকে ছেড়ে দেয় বলে মামলায় উল্লেখ করেন গোলাম মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/পিডি/২২০২ ঘ.
bdnews24